thumbnail

অস্থায়ী অমনিবাস

Shifat Raihan

|

একটি ভাঙা চেয়ার,

একটি পিরামিডের মতন দাঁড়িয়ে থাকে।

রাস্তার ধারে মৃত গাছটার মতন।

যতবার সে পথের পানে তাকিয়ে,

দীর্ঘশ্বাস কিনতে চেয়েছে;

ততবার ঠিক ততবার তাকে প্রত্যাখ্যান করেছে সময় !

তাকে ভুলে- এসেছে নতুন কেউ;

প্রাক্তন- সে কেবলই আবর্জনা!


একটি ভাঙা কাঁচ,

ভুলে গেছে তার বিচ্ছেদ,

ভুলে গেছে তার মৃত্যুর যন্ত্রণা।

স্বচ্ছ দেয়াল ঘষতে ঘষতে-

হারিয়ে গেছে ফেলে রাখা পুরোনো জিনিসের ধূলোতে।

সে ময়লা মুছে না কেউ।

প্রয়োজন নেই বলে কেউ একবার খুঁজেও দেখেনা !


একটি ভাঙা কুটির ,

যেখানে রোজ স্বপ্নের আলো ঝড়তো,

আশারা গাইতো নতুন দিনের গান;

সেখানে এখন শ্রাবণ নেমে আসে,

নেমে আসে সিন্ধুর ধীর নীরবতা !

কিংবা,

ভেসে আসে হিমালয়ের শীতল কোন-

রাজকন্যার নীল বিষাদের সুবাস !

তার অদূরে দাঁড়িয়ে থাকে তার অপ্রকাশিত

লাল মলাটের গল্প ! 

তারাও ঠিক ততটাই দীর্ঘশ্বাস কিনতে চায়,

যার জন্যে একটা ভাঙা চেয়ার, 

একটি ভাঙা কাঁচ, 

একটি ভাঙা কুটির-

নীরব চোখে অপেক্ষায় থাকে !


আদতে,

এখানে কিছুই স্থায়ী নয় ! 

সেই ভাঙা চেয়ার, ভাঙা কাঁচ, ভাঙা কুটির, বিষাদময়ী হিমালয় কন্যা !

কিংবা আমি !

Logo

Poetry · Story · Perception

© 2025 Thaahor. All rights reserved.

Crafted by

Spartan HelmetJahidul Islam